Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • হঠাৎ প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ! বন্ধ দরজার বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা, তবে কি রাজনীতিতে ‘ইন্ডাস্ট্রি’?
রাজ্য

হঠাৎ প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ! বন্ধ দরজার বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা, তবে কি রাজনীতিতে ‘ইন্ডাস্ট্রি’?

amit shah and prasenjit edit
Email :4

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে আচমকাই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। হঠাৎ এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ—সব জায়গাতেই শুরু হয়েছে জোর আলোচনা।

যদিও এই প্রথম কোনও বিজেপি নেতার সঙ্গে প্রসেনজিতের সাক্ষাৎ নয়। এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। বিশেষ করে পদ্মশ্রী সম্মান পাওয়ার পর গেরুয়া শিবিরের একাধিক নেতার সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। সেই সময়ও রাজনৈতিক যোগদানের গুঞ্জন উঠেছিল। তবে উভয় পক্ষই সেই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছিলেন ।

তবে এবার স্বয়ং অমিত শাহের (Amit Shah) প্রসেনজিতের বাড়িতে যাওয়া নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। বিশেষ করে সোমবারই রাজ্যসভার তিনটি আসনের উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলে তিনটি আসন শূন্য হয়েছে। আগামী ২৪ জুলাই ভোট হওয়ার কথা। রাজনৈতিক মহলের একাংশের জল্পনা, ভবিষ্যতে রাজ্যসভায় কোনও পরিচিত মুখকে পাঠানোর পরিকল্পনা রয়েছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। যদিও এই বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্রের খবর, প্রসেনজিতের বাড়িতে খুব অল্প সময় ছিলেন অমিত শাহ (Amit Shah)। এরপর তিনি সরাসরি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে যোগ দিতে মিলন মেলা প্রাঙ্গণের উদ্দেশে রওনা দেন। তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে এই সাক্ষাৎ ঘিরে জল্পনা আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts