কলকাতায় (Kolkata) বেআইনি দখল সরাতে আরও কড়া পদক্ষেপের পথে পুরসভা। এবার শিয়ালদহের বিদ্যাপতি সেতু এবং সুকান্ত সেতুর নিচে গড়ে ওঠা অবৈধ দোকান ও দখল সরাতে জারি করা হয়েছে নোটিস। পুরসভার নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই এলাকা সম্পূর্ণ খালি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হবে।
শনিবার কলকাতা পুরসভার (Kolkata) পক্ষ থেকে এই নোটিস জারি করা হয়েছে। নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, কলকাতা পুর কর্পোরেশন আইনের বিধান অনুযায়ী বেআইনি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই সংশ্লিষ্ট সকলকে স্বেচ্ছায় জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
সুকান্ত সেতু যাদবপুর, সন্তোষপুর, সুলেখা মোড় এবং গোপালনগর এলাকার গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু। এই সেতুর নিচে প্রতিদিন সন্ধ্যার বাজার বসে এবং দীর্ঘদিন ধরে বহু হকারের ব্যবসা চলছে। একইভাবে শিয়ালদহের বিদ্যাপতি সেতুর নিচেও বহু দোকান ও অস্থায়ী বাজার গড়ে উঠেছে। অভিযোগ, এই সবই অনুমতি ছাড়া দখল করে তৈরি হয়েছে (Kolkata)।
পুরসভা সূত্রে (Kolkata) জানা গিয়েছে, বেআইনি দখল সরানোর পাশাপাশি পুরনো সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের কাজও করা হবে। সেই কারণে সেতুর নিচের অংশ সম্পূর্ণ খালি রাখা প্রয়োজন। সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি।
এর আগে শহরের একাধিক এলাকায় বেআইনি নির্মাণ এবং দখলদারি সরাতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এবার শিয়ালদহ ও সুকান্ত সেতুর নিচেও একই ধরনের পদক্ষেপ শুরু হওয়ায় এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।













