ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla) শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তার আগে সকাল থেকেই নিউটাউনে জাতীয় তদন্তকারী সংস্থার দফতরের সামনে জড়ো হন বহু মানুষ। তাঁদের হাতে ছিল কাঁচা ডিম ও মাছ। শওকতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। কেউ কেউ ‘মাছ চোর’ লেখা গান বাজিয়ে প্রতিবাদও করেন।
বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। সেই মামলার তদন্তে বৃহস্পতিবার জাতীয় তদন্তকারী সংস্থার একাধিক দল ভাঙড় ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। শওকত মোল্লার (Saokat Molla) বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি করা হয়। তবে তল্লাশি শুরুর আগেই তিনি এলাকা ছেড়ে চলে যান বলে তদন্তকারীদের দাবি।
শেষ পর্যন্ত শুক্রবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শওকত মোল্লাকে (Saokat Molla) গ্রেপ্তার করা হয়। যদিও তাঁর পরিবারের দাবি, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। গ্রেপ্তারের পর জাতীয় তদন্তকারী সংস্থা জানায়, ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লা অন্যতম প্রধান সন্দেহভাজন।
শনিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থা জানায়, নির্বাচনের আগে ভাঙড়ে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ মামলায় তদন্তের ভিত্তিতে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজন অভিযুক্তকে পরিচালনা করতেন।
তদন্তকারী সংস্থার দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই অভিযোগে শওকত মোল্লার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে বিস্ফোরণের পরে নিজের গাড়িতে করে মৃত ও আহতদের সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয় তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, এই মামলায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, বিস্ফোরণের নেপথ্যের পুরো চক্র উন্মোচনের জন্য আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ফলে আগামী দিনে এই মামলার তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।










