পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই দায়িত্বশীল বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রীর পদে পৌঁছনোর পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এখন তিনি সবার মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিরোধ ভুলে রাজ্যের উন্নয়নের উপর জোর দেওয়ার কথাও বলেন তিনি।
শনিবার ব্রিগেড প্যারেড ময়দানে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথমে যান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। রবীন্দ্র জয়ন্তীর দিনে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান তিনি। জোড়াসাঁকোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, তিনি কোনও বিতর্কিত মন্তব্য করতে চান না। তাঁর কথায়, “আমি এখন মুখ্যমন্ত্রী, আমি সবার। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক।”
সমালোচকদের উদ্দেশেও বার্তা দেন নতুন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি বলেন, যাঁরা এখনও সমালোচনা করছেন, তাঁদেরও চৈতন্য হওয়া প্রয়োজন। একইসঙ্গে তিনি দাবি করেন, গত কয়েক বছরে বাংলার শিক্ষা এবং সংস্কৃতির অনেক ক্ষতি হয়েছে।
শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারীর বক্তব্য, এখন রাজনৈতিক লড়াই বা পরস্পরের সমালোচনার সময় নয়। তিনি সকলকে একসঙ্গে বাংলার উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান। স্বামী বিবেকানন্দের “চরৈবেতি” মন্ত্র উল্লেখ করে তিনি বলেন, বাংলা এখন শুধু এগিয়ে যেতে চায়।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি যান ময়দানে পূর্ত দফতরের অস্থায়ী দফতরে। সেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সূত্রের খবর, শপথ অনুষ্ঠানের পরই প্রশাসনের শীর্ষ কর্তাদের ডেকে পাঠান নতুন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিনেই প্রশাসনিক তৎপরতা দেখিয়ে দ্রুত কাজ শুরু করার বার্তা দিতে চেয়েছেন শুভেন্দু অধিকারী।











