চাপানউতোরের মধ্যেই শেষ পর্যন্ত পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের মোট ১৫টি বুথে শনিবার সকাল সাতটা থেকে আবার ভোটগ্রহণ শুরু হবে (Repoll)। যদিও ফলতার একটি বুথে পুনর্নির্বাচন নিয়ে আলোচনা চললেও এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, রিপোলের আগে খতিয়ে দেখার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। ইভিএমে টেপ লাগানোর অভিযোগের পাশাপাশি কয়েকটি বুথে ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও উঠে এসেছে (Repoll)। তবে সেই ক্যামেরা বন্ধ হওয়ার তথ্য কমিশনের কাছে সময়মতো পৌঁছায়নি বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে নেটওয়ার্ক সমস্যার কারণেই এই সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়টিও খতিয়ে দেখেছে কমিশন।
বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আগেই জানিয়েছিলেন, ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসার চারটি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। রিপোর্টের ভিত্তিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Repoll)।
ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। অন্যদিকে মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১ ও ২৩২ নম্বর বুথে আবার ভোটগ্রহণ হবে।
এদিকে ফলতা নিয়েও চাপানউতোর চলছে। সুব্রত গুপ্ত জানিয়েছেন, সেখানে এখনও সব তথ্য খতিয়ে দেখা শেষ হয়নি। সব কিছু পর্যালোচনা করে কমিশনে সুপারিশ পাঠানো হবে। সূত্রের খবর, ফলতায় প্রায় ৩০টি বুথে গোলযোগের অভিযোগ রয়েছে। শুরুতেই কমিশন জানিয়েছিল, যদি ক্যামেরা বন্ধ করা হয় বা ঢেকে দেওয়া হয়, তাহলে পুনর্নির্বাচন হতে পারে। এখন দেখার, ফলতা নিয়েও নতুন করে কোনও সিদ্ধান্ত নেয় কি না কমিশন।












