বৃহস্পতিবার বাংলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। তবে শুক্রবার বিকেলের পর থেকেই রাজ্যে পুনর্নির্বাচন হতে পারে বলে নানা জল্পনা ছড়াতে শুরু করে। সেই জল্পনায় রাতে ইতি টানে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, প্রথম দফার সবকটি বুথেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তাই কোথাও পুনর্নির্বাচনের প্রয়োজন নেই।
কমিশন (Election Commission) জানিয়েছে, ১৫২টি বিধানসভা কেন্দ্রে মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথে ভোট হয়েছে। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি তাদের। একই সঙ্গে জানানো হয়েছে, তামিলনাড়ুতেও ৭৫ হাজার ৬৪টি বুথে ভোট হয়েছে এবং সেখানেও পুনর্নির্বাচনের দরকার নেই।
বাংলার নির্বাচনে অতীতে অশান্তির ঘটনা একেবারে নতুন নয়। বোমাবাজি, সংঘর্ষ এমনকি প্রাণহানির ঘটনাও বহুবার সামনে এসেছে। একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং মালদহে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে চব্বিশের লোকসভা ভোট তুলনামূলকভাবে অনেকটাই শান্তিপূর্ণ ছিল এবং কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি (Election Commission)।
এবারের নির্বাচনে সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশেষ সতর্ক রয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের কাজে যুক্ত সব আধিকারিককে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে থেকেই বলা হয়েছিল, কোথাও অশান্তি হলে সেখানে পুনর্নির্বাচন করা হবে। কিন্তু প্রথম দফায় দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া বড় কোনও সমস্যা হয়নি। সেই কারণেই কমিশন মনে করছে, প্রথম দফার ভোট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পুনর্নির্বাচনের কোনও প্রয়োজন নেই।













