সকাল সকাল ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি মিত্র ইন্সটিটিউটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বেরিয়েই তিনি অবজার্ভারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাবি করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধমকানো এবং ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ক্ষমতার সীমা ছাড়িয়ে কাজ করা হচ্ছে। তাঁর অভিযোগ, আগেই প্রায় ত্রিশ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এতে কোনও লাভ হবে না।
তিনি (Abhishek Banerjee) আরও বলেন, আইন অনুযায়ী অবজার্ভারদের এমন কাজ করার কোনও অধিকার নেই। তাঁদের কাজ হল পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং রিপোর্ট দেওয়া। কিন্তু বাস্তবে তারা বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। বিশেষ করে যেসব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কোনও মামলা নেই, তাদেরই টার্গেট করা হচ্ছে বলে দাবি করেন অভিষেক।
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের কৌশল কোনও কাজ করবে না। ভোটের ফল বেরোলেই সব পরিষ্কার হয়ে যাবে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস আরও বেশি সমর্থন নিয়ে আবার ক্ষমতায় ফিরবে।












