পানিহাটির আদর্শনগর এলাকায় বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে (Ratna Debnath) ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বুথ পরিদর্শনে বের হলে তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান ওঠে, তার পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে (Ratna Debnath) ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ (Ratna Debnath) । পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তারা। রত্না দেবনাথ অভিযোগ করেন, তিনি বিভিন্ন বুথে পরিদর্শন করতে গেলে বারবার বাধার মুখে পড়ছেন। তাঁর কথায়, তাঁকে দেখেই স্লোগান দেওয়া হচ্ছে এবং তাঁর নির্বাচনী এজেন্টকে মারধরের চেষ্টাও করা হয়েছে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাবি, বিজেপি প্রার্থী নিশ্চিতভাবে হেরে যাবেন বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের কথায়, বড় ব্যবধানে পরাজয় হবে, তাই আগেই নানা অভিযোগ তোলা হচ্ছে (Ratna Debnath) ।
উল্লেখযোগ্যভাবে, পানিহাটি কেন্দ্রটি এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, বাম প্রার্থী কলতান দাশগুপ্ত এবং বিজেপি প্রার্থী রত্না দেবনাথের মধ্যে ত্রিমুখী লড়াই চলছে। ফলে গোটা এলাকার দিকে নজর রয়েছে সকলের।













