বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের সকালে এক নজিরবিহীন ছবি দেখা গেল। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন। নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ নিজের ভোট দেওয়ার আগে চেতলা এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি (Mamata Banerjee)।
এলাকায় ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, তৃণমূলের পোস্টার খুলে দেওয়া হয়েছে এবং দলের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানান, গতকাল সারা রাত তিনি ঘুমোননি। সকালেই তিনি বেরিয়ে পড়েছেন এবং সারাদিন এলাকা ঘুরে দেখবেন বলে জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, সারা বাংলায় সিআরপিএফ এবং পর্যবেক্ষকরা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা মানছে না বলে তাঁর অভিযোগ। তাঁর দাবি, তৃণমূলের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন প্রার্থী হিসেবেই তিনি এলাকায় ঘুরে দেখছেন। তাঁর কথায়, গত রাতভর এলাকায় যা ঘটেছে, তা অনেকেই জানেন না। তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাত জেগে ছিলেন বলেও জানান।
তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের কাউন্সিলর অসীম বসুকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। গতকাল গভীর রাতে তাঁকে এবং তাঁর স্ত্রীকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে বলে তাঁর দাবি।












