বঙ্গভোটের আগে কলকাতায় আয়কর দপ্তরের তল্লাশি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে তল্লাশি চালানো হয় (Income Tax Raid)। এলগিন রোডের তাঁর বাড়িতে শুক্রবার এই অভিযান চালায় আয়কর দপ্তর।
জানা গিয়েছে, মিরাজ শাহ ভবানীপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং তিনি ওই প্রতিষ্ঠানের অন্যতম কর্তা। এছাড়াও তিনি স্থানীয় একটি গুজরাটি সংগঠনের সঙ্গেও যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই রাজনৈতিক মহলে পরিচিত (Income Tax Raid)।
শুক্রবার আচমকাই তাঁর বাড়িতে পৌঁছন আয়কর দপ্তরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও ছিলেন। বাড়ির কর্মী এবং সহকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে (Income Tax Raid)।
বাড়ির নিরাপত্তারক্ষী জানান, তিনি আগে থেকে কিছুই জানতেন না। পরে জানতে পারেন, আধিকারিকরা মালিকের সঙ্গে কথা বলতে এসেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, জমি সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্রেই এই তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগ, বিতর্কিত জমি কেনাবেচা এবং ভুয়ো নথি তৈরির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ।
তবে ভোটের ঠিক আগে এই তল্লাশি ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।













