দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই নজর কাড়ছে ভবানীপুর কেন্দ্র (Bhabanipur)। হাইপ্রোফাইল এই কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সকাল থেকেই এলাকায় একের পর এক উত্তেজনার ছবি দেখা যায়। কখনও মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরের বাড়িতে ছুটে যাচ্ছেন, আবার কখনও শুভেন্দু অধিকারী সরাসরি নির্বাচন কমিশনে ফোন করে অভিযোগ জানাচ্ছেন (Bhabanipur)।
দুপুরের দিকে সংবাদমাধ্যমের সামনে এসে শুভেন্দু অধিকারী (Bhabanipur) ফল নিয়ে বড় দাবি করেন। তিনি বলেন, আশি শতাংশ ভোট হলে তিনি জিতবেন। নব্বই শতাংশ ভোট পড়লে তিনি আরও বড় ব্যবধানে জয়ী হবেন বলেও দাবি করেন। তাঁর কথায়, নির্দিষ্ট একটি ওয়ার্ড ছাড়া বাকি সব জায়গায় তাঁর লিড থাকবে। ওই ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলেও দাবি করেন তিনি।
শুভেন্দু আরও জানান, ফলতা এলাকায় ইভিএম নিয়ে যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে জানতে চেয়েছেন। বিষয়টি প্রধান নির্বাচনী আধিকারিককে জানিয়ে খতিয়ে দেখতে বলেছেন বলেও তিনি দাবি করেন (Bhabanipur)।
ভোটের গতি ধীর হচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর কথায়, প্রয়োজনে রিজার্ভ থাকা ভোটকর্মীদের ব্যবহার করা উচিত।
অন্যদিকে ভবানীপুরের জয় হিন্দ ভবনের সামনে শুভেন্দুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও কয়েকশো মানুষ জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। একদিকে ‘জয় বাংলা’, অন্যদিকে ‘জয় শ্রীরাম’ স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে ভিডিও করেন শুভেন্দু অধিকারী এবং পরে কমিশনে ফোন করে আরও বাহিনী পাঠানোর দাবি জানান।











