অসমের কাছাড় জেলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, দেশের ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা ধাপে ধাপে এগিয়ে চলেছে।
শাহর (Amit Shah) বক্তব্য, “আমরা ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম কেটে দিচ্ছি। এতে মমতা দিদি আর রাহুল বাবার পেটে ব্যথা হচ্ছে।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
তিনি (Amit Shah) আরও বলেন, রাহুল গান্ধি আগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছিলেন এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু বাঙালিদের ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রেও আপত্তি জানিয়েছিলেন। অথচ এখন অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এর পিছনে রয়েছে ভোটব্যাঙ্কের রাজনীতি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি (Amit Shah) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদুন, রাহুল গান্ধি বুক চাপড়ান, তাতে কিছু যায় আসে না। বিজেপি এক একজন করে অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেবে।”
তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কেন্দ্র সরকার কোনও আপস করবে না এবং কঠোর অবস্থান নেওয়া হবে। তাঁর বক্তব্যে স্পষ্ট, অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যু আগামী দিনে রাজনীতির বড় বিষয় হয়ে উঠতে চলেছে।
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী শিবিরের একাংশ এই বক্তব্যকে বিভাজনমূলক বলে সমালোচনা করেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এটি জাতীয় নিরাপত্তা ও আইনের শাসনের বিষয়।













