সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার তৃণমূল ভবনে দলের পতাকা হাতে তুলে নিলেন আন্তর্জাতিক অ্যাথলিট স্বপ্না বর্মণ (swapna Barman)। তৃণমূল কংগ্রেস-এ যোগ দিয়ে জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না (swapna Barman) জানান, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে দেখে প্রতিনিয়ত অনুপ্রাণিত হন। মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাজ এবং উন্নয়নমূলক উদ্যোগে সামিল হতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
২০১৮ সালে এশিয়ান গেমস-এ সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন জলপাইগুড়ি-র মেয়ে স্বপ্না (swapna Barman)। পরে পিঠের চোটের কারণে তিনি অ্যাথলেটিক্স ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। বর্তমানে তিনি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে-এর কর্মী। দীর্ঘদিন ধরেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, তিনি ভারতীয় জনতা পার্টি-তে যোগ দিতে পারেন।
চলতি বছরের জানুয়ারিতে শিলিগুড়ি-র মহাকাল মন্দির-এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বপ্নাকে (swapna Barman) সংবর্ধনা জানানোর পর থেকেই নতুন জল্পনা শুরু হয়। তখন থেকেই তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল।
শুক্রবার সকালে তৃণমূল দপ্তরে পৌঁছে গৌতম দেব, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য-র হাত থেকে দলের পতাকা গ্রহণ করেন স্বপ্না। এরপর মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, সাধারণ স্তর থেকে উঠে এসে বাংলাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, তা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণাতেই তিনি তৃণমূল পরিবারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিতে যোগদান ও প্রার্থী হওয়ার জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়ে স্বপ্নার এই পদক্ষেপে রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।












