ভোটের আগে অশান্তি ঠেকাতে রাজ্য জুড়ে বড়সড় অভিযান চালাল পুলিশ (Bengal Election)। এক রাতের মধ্যেই ১৩৫ জন দাগি অপরাধী ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। স্পষ্ট বার্তা, ভোটের আগে কোনওরকম গোলমাল বরদাস্ত করা হবে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা—এই চারটি জেলায় একযোগে অভিযান চালানো হয় (Bengal Election)। মূলত যেসব এলাকায় প্রথম দফার ভোট রয়েছে, সেগুলিকেই বিশেষভাবে চিহ্নিত করা হয়েছিল। আগে থেকেই ঝুঁকিপূর্ণ বুথ ও এলাকা চিহ্নিত করে রাখা হয়েছিল, সেই তালিকা অনুযায়ী রাতারাতি অভিযান চালানো হয়।
নির্বাচন কমিশনের নির্দেশ ছিল, ভোটের অন্তত তিন দিন আগে সম্ভাব্য গোলমালকারীদের গ্রেপ্তার করতে হবে, যাতে ভোটের দিন কোনও সমস্যা না হয়। সেই নির্দেশ কার্যকর করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে (Bengal Election)।
পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এদের মধ্যে অনেকেই আগে ভোটের সময় হিংসা বা গোলমালের সঙ্গে জড়িত ছিল। তাই শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম দফার ভোট যেসব জেলায় হবে, প্রায় সব জায়গা থেকেই গ্রেপ্তারির খবর এসেছে (Bengal Election)।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এই চার জেলাতেই নয়, আগামী দিনে অন্য জেলাগুলিতেও নজরদারি আরও বাড়ানো হবে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও সর্বোচ্চ সতর্ক রয়েছে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন।












