কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচনকে ঘিরে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হল। রবিবার বিকেলে তৃণমূল ভবনে কাউন্সিলরদের (TMC Councilors) নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
তৃণমূলের অন্দরমহলের দাবি, বৈঠককে কেন্দ্র করে বিক্ষোভ এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল। পাশাপাশি কয়েকজন কাউন্সিলরও (TMC Councilors) বৈঠকে যোগ দিতে অনীহা প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে। এই বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আসার পর বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের খবর, নতুন মেয়র নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে অন্য কোনও নির্দিষ্ট স্থানে কাউন্সিলরদের ডেকে স্বাক্ষর করানোর পরিকল্পনা করা হচ্ছে। যদিও এ বিষয়ে দল এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি।
এদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শীঘ্রই দিল্লি যাওয়ার কথা রয়েছে। বিরোধী জোটের বৈঠকে যোগ দেওয়ার আগে কোনও বিতর্কিত ঘটনা সামনে আসুক, তা দল চাইছে না বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।
উল্লেখ্য, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভায় নতুন প্রশাসনিক পরিস্থিতি তৈরি হয়েছে। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না, সেই বিষয়ে ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকারের তরফে চিঠি পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তার উত্তরও দিতে হবে।
এই আবহে নতুন মেয়র নির্বাচনকে ঘিরে তৃণমূলের তৎপরতা বেড়েছে (TMC Councilors) । রাজনৈতিক মহলে একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। বিশেষ করে শোভন চট্টোপাধ্যায়ের নাম ফের আলোচনায় উঠে এসেছে। যদিও দল এখনও কোনও সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানায়নি।
সব মিলিয়ে কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বাতিল হওয়া বৈঠক সেই জল্পনাকে আরও উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।










