সাধারণ মানুষের জন্য ফের বড় ধাক্কা। তিন মাসের বিরতির পর আবার বাড়ানো হল গৃহস্থালির রান্নার গ্যাসের (LPG Price Hike) দাম। ৭ জুন থেকে সারা দেশে গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ২৯ টাকা বেড়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর কলকাতায় একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯৬৮ টাকা।
তবে স্বস্তির বিষয়, এই মুহূর্তে বাণিজ্যিক গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখনও ৩২৫৫ টাকা ৫০ পয়সাই রয়েছে (LPG Price Hike)।
জ্বালানি বাজারের বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে (LPG Price Hike) চাপ তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে গ্যাস, পেট্রোল এবং ডিজেলের দামের উপরও। চলতি বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম একাধিকবার বেড়েছে। এবার সেই প্রভাব পড়ল গৃহস্থালির রান্নার গ্যাসেও।
পরিসংখ্যান বলছে, গত বছরের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত রান্নার গ্যাসের দাম মোট ৮৯ টাকা বেড়েছে। এর আগে মার্চ মাসে একবারে ৬০ টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল। সর্বশেষ বৃদ্ধির পর দিল্লিতে গৃহস্থালি গ্যাসের (LPG Price Hike)দাম হয়েছে ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১ টাকা ৫০ পয়সা, চেন্নাইয়ে ৯৫৭ টাকা ৫০ পয়সা এবং কলকাতায় ৯৬৮ টাকা।
তেল সংস্থাগুলির দাবি, ভর্তুকিযুক্ত গ্যাস কম দামে সরবরাহ করার ফলে তাদের আর্থিক চাপ ক্রমশ বাড়ছিল। সেই ক্ষতির কিছুটা ভারসাম্য আনতেই গৃহস্থালি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, বাণিজ্যিক গ্যাসের দামও গত কয়েক মাসে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ২১৮ টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে এক ধাক্কায় প্রায় এক হাজার টাকা দাম বৃদ্ধি পায়। এরপর জুন মাসের শুরুতে আরও ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের মূল্য।
সব মিলিয়ে নতুন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের সংসারের মাসিক খরচ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বমুখী দামের বাজারে রান্নার গ্যাসের এই বৃদ্ধি গৃহস্থের উদ্বেগ আরও বাড়িয়ে দিল।










