তৃণমূল কংগ্রেসের অন্দরে সই জালিয়াতি বিতর্ক আরও গভীর হচ্ছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) দাবি করেন, বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বিধানসভায় জমা দেওয়া রেজোলিউশনে তৃণমূলের একাধিক বিধায়কের সই জাল করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই বর্তমানে তদন্ত চালাচ্ছে সিআইডি।
মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) জানান, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা প্রথম এই অভিযোগ সামনে আনেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করা হয়। পরে তদন্তভার দেওয়া হয় সিআইডির হাতে।
শুভেন্দুর (CM Suvendu Adhikari) দাবি, মোট চৌদ্দ জন তৃণমূল বিধায়কের সই জাল করা হয়েছে। তাঁদের মধ্যে তেরো জনকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে সিআইডি। তদন্ত চলাকালীন তিন জন বিধায়ক স্বীকার করেছেন যে রেজোলিউশনে থাকা সই তাঁদের নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, একজনের হয়ে অন্য কেউ সই করতে পারেন না। তাই বিষয়টি অত্যন্ত গুরুতর এবং আইন অনুযায়ী তদন্ত এগোবে।
তিনি (CM Suvendu Adhikari) আরও বলেন, এই তদন্তের সঙ্গে রাজ্য সরকারের কোনও সম্পর্ক নেই। বিধানসভার অভিযোগের ভিত্তিতেই আইন মেনে তদন্ত শুরু হয়েছে। সিআইডি স্বাধীনভাবে তদন্ত করছে এবং সত্য সামনে আনার চেষ্টা করছে।
এদিকে এই মামলার তদন্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি এদিন হাজিরা দেননি। সম্প্রতি সোনারপুরে এক রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে বিক্ষোভ ও হামলার মুখে পড়েছিলেন অভিষেক। সেই ঘটনার পর তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
সাংবাদিক বৈঠকে নাম না করেই শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) বলেন, যাঁর বিরুদ্ধে সই জাল করার অভিযোগ উঠেছে, তাঁকে তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি স্পষ্ট জানান, এই মামলায় আইন নিজের পথে চলবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সই জালিয়াতি বিতর্ককে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। ফলে এই মামলার দিকে এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষেরও।












