তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) ঘিরে তদন্তে নতুন মোড় এল। এবার তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই সব্যসাচীর (Sabyasachi Dutta) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের নথি সংগ্রহ করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের বা ইসিআইআর নথিভুক্ত করা হয়নি। তবে তদন্তকারী সূত্রের দাবি, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে মামলা শুরু হতে পারে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তদন্তে নেমে পুলিশ তাঁর বিপুল সম্পত্তির খোঁজ পায় বলে দাবি করেছে। সম্প্রতি তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই গয়নার সঙ্গে সব্যসাচীর যোগ থাকতে পারে। পাশাপাশি তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগও সামনে এসেছে।
তদন্তে ইতিমধ্যেই সব্যসাচীর (Sabyasachi Dutta) পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, তাঁর প্রায় তিন কোটি সত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হওয়া প্রায় চার কোটি ঊনচল্লিশ লক্ষ টাকার সোনার গয়নাও তদন্তের আওতায় এসেছে।
তদন্তকারীদের (Sabyasachi Dutta) অভিযোগ, কোটি কোটি টাকার তোলাবাজি ও প্রতারণার সঙ্গে সব্যসাচীর যোগ রয়েছে। এই মামলায় চলতি মাসের শুরুতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এবার সেই মামলার সমস্ত নথি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারীরা জানতে চাইছেন, এই আর্থিক লেনদেনের সঙ্গে আর কারা যুক্ত ছিলেন। প্রাথমিক অনুসন্ধান শেষ হলে সব্যসাচীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা শুরু হতে পারে বলে তদন্তকারী সূত্রে খবর।













