তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পরই একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি (Ritabrata Banerjee) দাবি করেছেন, আগের সরকারের আমলে একাধিক দুর্নীতি হয়েছে এবং সেই বিষয়ে তাঁর কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। খুব শীঘ্রই তিনি রাজ্যের বর্তমান সরকারের কাছে লিখিতভাবে তদন্তের দাবি জানাবেন বলেও জানিয়েছেন।
সই জালিয়াতি বিতর্ককে কেন্দ্র করে সোমবার তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করে। দলবিরোধী কাজের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে বহিষ্কারের পরই রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন ঋতব্রত।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি (Ritabrata Banerjee) বলেন, দুর্নীতি সংক্রান্ত একাধিক বিষয় তাঁর জানা রয়েছে। সেই সমস্ত তথ্য তিনি সরকারের কাছে তুলে ধরবেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাবেন। তাঁর অভিযোগ, উলুবেড়িয়া পুরসভায় বহু অনিয়ম হয়েছে। বিভিন্ন প্রকল্পে নিয়ম না মেনে কাজ হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ঋতব্রতের (Ritabrata Banerjee) কথায়, এতদিন তিনি প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। কারণ, তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি আর চুপ থাকবেন না বলেই জানিয়েছেন। তিনি বলেন, দুর্নীতির যেসব তথ্য তাঁর কাছে রয়েছে, সেগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাবেন।
এদিন তিনি (Ritabrata Banerjee) আরও দাবি করেন, এবারের বিধানসভা নির্বাচনে তাঁকে হারানোর চেষ্টাও হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তিনি জয়ী হন। দল থেকে বহিষ্কার করা হলেও বিধায়ক পদ ছাড়ার কোনও প্রশ্ন নেই বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি। উলুবেড়িয়ার মানুষের প্রতিনিধি হিসেবে তিনি কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
সই জালিয়াতি বিতর্কের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে। তাঁর দাবি অনুযায়ী, আগামী দিনে আরও একাধিক তথ্য সামনে এলে রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।












