নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। সোমবার থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। ঘোষণার প্রথম দিনেই এই পরিষেবা ঠিকমতো কার্যকর হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নিজেই বাসে চড়লেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)।
সোমবার দুপুরে গড়িয়াহাট থেকে রুবিগামী একটি সরকারি বাসে ওঠেন তিনি। সেই সময় বাসে যাত্রী তোলার কাজ চলছিল। আচমকাই মন্ত্রীকে বাসে উঠতে দেখে প্রথমে কিছুটা অবাক হয়ে যান বাসকর্মী ও যাত্রীরা। পরে সকলের কাছেই বিষয়টি পরিষ্কার হয় (Agnimitra Pal)।
বাসে উঠে এক মহিলা যাত্রীর পাশে বসে অগ্নিমিত্রা (Agnimitra Pal) জানতে চান, বিনামূল্যের পরিষেবা পেতে কোনও সমস্যার মুখে পড়তে হচ্ছে কি না। তিনি নিজেও কন্ডাক্টরের কাছ থেকে শূন্য মূল্যের টিকিট সংগ্রহ করেন এবং পুরো পথ বাসে যাত্রা করেন।
মন্ত্রী (Agnimitra Pal) জানান, শুধুমাত্র নির্দেশিকা জারি করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সেই নির্দেশ বাস্তবে ঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা দেখা সরকারের দায়িত্ব। তাঁর কথায়, বহু মহিলা রয়েছেন যাঁদের কাছে প্রতিদিনের যাতায়াত খরচও গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ তাঁদের আর্থিক সাশ্রয়ে বড় ভূমিকা নেবে।
বাসের মহিলা যাত্রীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, প্রতিদিনের যাতায়াতে খরচ কমলে সংসারের উপর চাপও অনেকটাই কমবে। সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে বড় স্বস্তি এনে দিয়েছে বলেও মত অনেকের।
সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালুর প্রথম দিনেই মন্ত্রীর এই সরেজমিন পরিদর্শন রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের ঘোষণা কতটা বাস্তবে পৌঁছাচ্ছে, তা যাচাই করতেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রের দাবি।








