ভোটের উত্তাপের মাঝেই নন্দীগ্রাম নিয়ে বড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) দাবি করেন, নন্দীগ্রামে দায়িত্বে থাকা পুলিশের একাংশ নিরপেক্ষভাবে কাজ করছে না। তাঁর অভিযোগ, কিছু পুলিশ আধিকারিক সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে শাসকদল।
শশী পাঁজার (Shashi Panja) অভিযোগের কেন্দ্রে রয়েছেন দুই পুলিশ আধিকারিক। একজন অজয় মিশ্র, যিনি আগে নন্দীগ্রামে দায়িত্বে ছিলেন, এবং অন্যজন কুদরতে খুদা, যিনি হলদিয়ায় কর্মরত ছিলেন। মন্ত্রীর দাবি, আগেও তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। তা সত্ত্বেও কেন তাঁদের নির্বাচনের কাজে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সাংবাদিকদের সামনে শশী পাঁজা (Shashi Panja) বলেন, অভিযোগ থাকা সত্ত্বেও এই দুই আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে কেন, তা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে। তিনি আরও দাবি করেন, নন্দীগ্রামে কিছু প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।
তাঁর অভিযোগ, উল্টে তৃণমূলের কর্মীদের হয়রানি করা হচ্ছে এবং অকারণে গ্রেফতার করা হচ্ছে। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের কাছে দ্রুত ওই দুই আধিকারিককে সরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে।











