বাংলার রাজনৈতিক পরিস্থিতি বদলের পর এবার বিজেপির বিরুদ্ধে বৃহত্তর বিরোধী জোট গড়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দলের নেতা ও বিধায়কদের সামনে তিনি বাম এবং অতিবাম দলগুলিকেও একসঙ্গে লড়াই করার আহ্বান জানান।
মমতা (Mamata Banerjee) বলেন, বাংলায় এখন সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং যুব সংগঠনকে একজোট হওয়ার আবেদন জানান তিনি। তাঁর কথায়, বাম বা অতিবামদের নিয়ে তাঁর কোনও অহংকার বা আপত্তি নেই। সবাইকে সঙ্গে নিয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান তিনি।
রাজনৈতিক মহলের মতে, একসময় বামেদের হারাতে বিজেপির উত্থানকে গুরুত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার পরিস্থিতি বদলে যাওয়ার পর সেই বামেদের কাছেই সহযোগিতার বার্তা দিলেন মমতা (Mamata Banerjee)। ফলে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়েছে।
এদিন মমতা (Mamata Banerjee) আরও দাবি করেন, তাঁরা রাজনৈতিকভাবে হারেননি। তাঁর মতে, তৃণমূলকে হারানো হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর দেশের বিভিন্ন বিরোধী নেতারাও তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, এখন থেকে সন্ত্রাসের বিরুদ্ধে নীতি এবং নৈতিকতার লড়াই শুরু হবে।
ভোট পরবর্তী পরিস্থিতি নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলা চলছে। মহিলাদের হেনস্তার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি। দলের কর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন মমতা।
এদিন দলের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়েও মুখ খোলেন তিনি। মমতার অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর দিল্লি ফেরার পথে বিমানে মহুয়ার সঙ্গে অসভ্য আচরণ করা হয়েছে। এই ঘটনারও তীব্র নিন্দা করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পর তিনি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করেননি। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য নিজের বুলেটপ্রুফ গাড়িও পাঠিয়েছিলেন বলে দাবি করেন তিনি। কিন্তু এবার ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী।













