দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে নতুন করে চাপে পড়েছেন প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। গ্রেফতারির আশঙ্কায় তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। একই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তাঁর স্ত্রী মধুছন্দা সেন, ধ্রুবজ্যোতি বসু এবং রঞ্জন চট্টোপাধ্যায়ও। আগামী ১৭ জুন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা।
বউবাজার থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলাকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ। অভিযোগ, দুর্গাপুজোর বিশেষ প্রদর্শনী দেখানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। সেই মামলার তদন্তের জেরেই আগাম জামিনের আবেদন করেছেন অভিযুক্তরা (Indranil Sen)।
এর আগেও ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। এবার তাঁর পাশাপাশি অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে তাঁর স্ত্রী মধুছন্দা সেনের নামও। অভিযোগকারী আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়ের দাবি, দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি সংস্থা তৈরি করে ইউনেস্কোর নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে একটি সংস্থা গঠন করা হয়, যার সভাপতির দায়িত্বে ছিলেন মধুছন্দা সেন। ওই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইউনেস্কো তাদের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে এবং শহরের ২৪টি দুর্গাপুজোকে বিশেষভাবে নির্বাচন করেছে। অভিযোগকারীর দাবি, এই তথ্য সম্পূর্ণ ভুল ছিল।
জয়দীপ মুখোপাধ্যায়ের আরও অভিযোগ, এই দাবিকে সামনে রেখেই দুর্গাপুজোর বিশেষ প্রদর্শনীর টিকিট উচ্চ মূল্যে বিক্রি করা হয়েছিল (Indranil Sen)। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় ইন্দ্রনীল সেন, মধুছন্দা সেন-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত এগোচ্ছে। এখন আদালতের শুনানিতে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের।










