রাতে শোকজ, আর তার কয়েক ঘণ্টার মধ্যেই বহিষ্কার। রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলে একসঙ্গে আট নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কালীঘাট তৃণমূল (TMC)। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন এবং স্নেহাশিস চক্রবর্তী (TMC)।
সোমবার রাতে তাঁদের শোকজ করা হয়েছিল। তবে সেই শোকজের উত্তর পাওয়ার অপেক্ষা না করেই মঙ্গলবার বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত তথাকথিত ‘আসল’ তৃণমূল (TMC) শিবিরের সঙ্গে নাম জড়ায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ একাধিক নেতার। শুধু তাই নয়, ওই শিবিরের নতুন কমিটিতেও তাঁদের কয়েকজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়েছে।
সোমবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে নতুন জাতীয় কর্মসমিতির ঘোষণা করা হয়। সেখানে দলের চেয়ারপার্সন হিসেবে অরূপ রায়ের নাম ঘোষণা করা হয় (TMC)। সাধারণ সম্পাদক পদে থাকেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ চারজন নেতা। উল্লেখযোগ্যভাবে, ওই কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও স্থান রাখা হয়নি।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে দাবি করেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ একাধিক পরিচিত মুখ তাঁদের সঙ্গে রয়েছেন। সেই দাবির পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে। বৈঠকের মঞ্চে অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী এবং সাবিনা ইয়াসমিনদের উপস্থিতিও সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করে।
এরপরই কালীঘাট তৃণমূলের তরফে কড়া অবস্থান নেওয়া হয়। প্রথমে শোকজ এবং তারপর বহিষ্কারের সিদ্ধান্তে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তবে এই ঘটনাতেই কি শেষ, নাকি আগামী দিনে আরও নতুন নাম সামনে আসবে, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে।












