Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চোয়ালে ব্যথা, সারা গায়ে আঘাত! সিআইডির সামনে হাজিরা দিতে পারলেন না অভিষেক
রাজ্য

চোয়ালে ব্যথা, সারা গায়ে আঘাত! সিআইডির সামনে হাজিরা দিতে পারলেন না অভিষেক

abhishek banerjee halmet edit
Email :2

সই সংক্রান্ত বিতর্কের তদন্তে সিআইডির তলব থাকলেও সোমবার ভবানীভবনে হাজিরা দিলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তদন্তকারী সংস্থার কাছে আরও সময় চেয়েছেন তিনি।

সূত্রের খবর, শনিবার সোনারপুরে হামলার ঘটনার পর এখনও পুরোপুরি সুস্থ নন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর চোয়ালে ব্যথা রয়েছে, পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আপাতত বিশ্রামে রয়েছেন। সেই কারণেই এদিন সিআইডির সামনে হাজিরা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, সিআইডিকে পাঠানো ইমেলে কয়েক সপ্তাহ সময় চেয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। এখনও তাঁর একাধিক শারীরিক পরীক্ষা বাকি রয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিধানসভায় জমা পড়া একটি রেজোলিউশনে বিধায়কদের স্বাক্ষর নিয়ে বিতর্কের জেরে এই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ ওঠার পর বিধানসভার সচিবের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। সেই সূত্র ধরেই তদন্তে নামে সিআইডি। ইতিমধ্যেই একাধিক বিধায়ককে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। একই মামলায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

প্রসঙ্গত, শনিবার সোনারপুরে এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভ এবং হামলার মুখে পড়েন অভিষেক। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম, জুতো এবং বিভিন্ন বস্তু ছোড়া হয়। ধস্তাধস্তির ঘটনাও ঘটে। মাথায় হেলমেট থাকায় গুরুতর চোট এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি তৃণমূলের।

হামলার পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি (Abhishek Banerjee) বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ব্যথা কমানোর ওষুধ-সহ একাধিক চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, জাতীয় স্তরের কয়েকজন রাজনৈতিক নেতাও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরামর্শও দেওয়া হয়েছে। তবে আপাতত রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করানোর কোনও সিদ্ধান্ত নেননি অভিষেক। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পরই তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি।

এদিকে সই বিতর্কের তদন্তে অভিষেকের অনুপস্থিতি নতুন রাজনৈতিক জল্পনা তৈরি করেছে। এখন সিআইডি তাঁর সময় চাওয়ার আবেদন মঞ্জুর করে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts