হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে একাধিক শর্ত পাঠিয়েছিল ইরান (Strait of Hormuz)। তবে সেই প্রস্তাবে মোটেও সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাত সমাধানে ইরানের শর্ত গ্রহণ করতে রাজি নয় আমেরিকা।
সূত্রের খবর, আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আলোচনার মূল টেবিলে অবশ্যই পারমাণবিক চুক্তির বিষয় থাকতে হবে (Strait of Hormuz)। অন্যদিকে লেবাননের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকাকে জানিয়েছে যে আলোচনায় বসতে হলে দুইটি শর্ত মানতে হবে। প্রথমত, ইরান এবং লেবাননে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে এবং নতুন করে কোনো সংঘাত যেন না হয় তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে যে অবরোধ পরিস্থিতি তৈরি হয়েছে তা প্রত্যাহার করতে হবে।
এই শর্ত পূরণ হলেই ইরান আলোচনায় বসবে বলে জানানো হয়েছে। তবে রয়টার্স সূত্রে খবর, ইরানের প্রস্তাব পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেন। ট্রাম্প জানান, এই সমস্যার মূল কেন্দ্র হল পারমাণবিক ইস্যু এবং এটিকে কোনওভাবেই আলাদা করে দেখা যাবে না।
মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওও জানিয়েছেন, কোনও চুক্তিই গ্রহণযোগ্য হবে না যদি না ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ সম্পূর্ণভাবে বন্ধ করে। ফলে আলোচনা এগোলেও শেষ পর্যন্ত তা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ এখনও থেমে নেই। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি একাধিক দেশের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন (Strait of Hormuz)। তিনি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সমর্থনের ইঙ্গিত পেয়েছেন বলে দাবি করা হয়েছে। এরপর তিনি পাকিস্তান সফরেও গিয়েছেন বলে জানা গেছে।












