মুম্বইয়ে এক রহস্যময় মৃত্যুর ঘটনায় রাতারাতি শেষ হয়ে গেল একটি পরিবার। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হলেও ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয় (Mumbai)। ঘটনাটি ঘটেছে শহরের পায়ধুনি এলাকায়। মৃতরা হলেন আবদুল্লাহ দোখাদিয়া, তাঁর স্ত্রী নাসরিন দোখাদিয়া এবং তাঁদের দুই মেয়ে আয়েশা ও জয়নাব। এক রাতের মধ্যেই চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পরিবারের সদস্যরা বাড়িতে আত্মীয়দের নিমন্ত্রণ করেছিলেন (Mumbai)। সকলেই একসঙ্গে খাওয়াদাওয়া করেন। রাত সাড়ে দশটা নাগাদ আত্মীয়রা চলে যাওয়ার পর গভীর রাতে পরিবারের সদস্যরা তরমুজ খান বলে জানা যায়। তার কিছুক্ষণের মধ্যেই তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ভোরের দিকে তাঁদের বমি ও পেট খারাপের সমস্যা দেখা দেয় এবং দ্রুত দুর্বল হয়ে পড়েন (Mumbai)।
একই ভবনের এক চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে জানান, তিনি গিয়ে দেখেন চারজনই অসুস্থ অবস্থায় পড়ে আছেন। দুই মেয়ের মধ্যে একজনের শ্বাসকষ্ট হচ্ছিল এবং নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল না। তিনি তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করেন, কিন্তু কোনও সাড়া মেলেনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছনোর আগেই মৃত্যু হয় (Mumbai)।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা হয়নি। স্থানীয়দের কথায়, আচমকাই তাঁদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
ঘটনার পর রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সংশ্লিষ্ট মহল থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। ঠিক কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখতে দেহের নমুনা ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পরীক্ষার ফল না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।













