যে দেশের স্বাধীনতার জন্য তাঁর বাবা প্রাণ দিয়েছিলেন, আজ সেই দেশেই নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)। ক্ষমতা হারানোর পর তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এত কিছুর পরেও দলকে ঘিরে আশাবাদী শেখ হাসিনা। তাঁর দাবি, আওয়ামী লীগকে কোনওভাবেই মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয় (Sheikh Hasina)।
এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের ইতিহাস, মাটি এবং মানুষের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি শক্তি। গত সাতাত্তর বছরে বহুবার হামলা, দমন, নির্যাতন ও রক্তপাতের মুখে পড়েও দল প্রতিবারই মানুষের সমর্থনে ফিরে এসেছে। তাঁর বিশ্বাস, এবারও তার ব্যতিক্রম হবে না (Sheikh Hasina)।
তিনি (Sheikh Hasina) আরও বলেন, আওয়ামী লীগের পুনরুত্থান কোনও ব্যক্তি বা সরকারের দয়ার উপর নির্ভর করে না। মানুষের আস্থা ও সমর্থনই দলের সবচেয়ে বড় শক্তি। তাঁর অভিযোগ, সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষের হৃদয় থেকে দলকে সরানো যায়নি।
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। তাঁর দাবি, দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের নিরাপত্তা আজ গভীর সংকটের মুখে। অর্থনীতি দুর্বল হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়েছে এবং উগ্রপন্থার বিস্তার ঘটছে। পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক নিপীড়ন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনার (Sheikh Hasina) বক্তব্য, দেশের মানুষ অতীত ও বর্তমানের তুলনা করতে পারছেন। তাঁদের বিশ্বাস, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন, স্থিতিশীলতা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয়। সেই কারণেই ভবিষ্যতেও মানুষের সমর্থন নিয়ে দল আবার ঘুরে দাঁড়াবে।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি গ্রাম, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে মানুষের পাশে দাঁড়াতে হবে। নারী, শিশু, সংখ্যালঘু, শ্রমজীবী এবং প্রান্তিক মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা যাবে না।
নিষেধাজ্ঞা, হাজারো মামলা এবং রাজনৈতিক বাধার মধ্যেও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শেখ হাসিনা আত্মবিশ্বাসী। তাঁর স্পষ্ট বার্তা, জনগণের শক্তির উপর ভর করেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থানে ফিরে আসবে।













