রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি ফলতার (Falta) তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে। অবশেষে পুনর্নির্বাচনের আগে শুক্রবার প্রকাশ্যে এলেন তিনি। শুধু তাই নয়, ঢুকলেন নিজের দলীয় কার্যালয়েও। আর সেখান থেকেই ‘পুষ্পা’ স্টাইলে আত্মবিশ্বাসী বার্তা দিলেন তৃণমূল প্রার্থী।
নির্বাচন কমিশনের নির্দেশে আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ২৪ মে। এর মধ্যেই রাজ্যে সরকার বদল হয়েছে। তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (Falta)। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ফলতায় প্রচারে যাওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে ফলতার রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে শ্রীরামপুরের দলীয় কার্যালয়ে যান জাহাঙ্গির খান (Falta)। এই অফিস থেকেই আগের ভোট পরিচালনা করেছিলেন তিনি। বিজেপি ক্ষমতায় আসার পর ওই অফিসে ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ। সেখানে বিজেপির পতাকাও লাগানো হয়েছিল বলে দাবি তৃণমূলের।
দীর্ঘদিন প্রকাশ্যে না থাকার কারণ জানতে চাইলে জাহাঙ্গির বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রশাসন চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অশান্তি এড়াতেই তিনি প্রকাশ্যে আসেননি (Falta)।
জাহাঙ্গির বলেন, “আমি বাড়িতেই ছিলাম। পুলিশ আমাকে ফিরিয়ে এনেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এলাকার শান্তি বজায় রাখতেই প্রকাশ্যে আসিনি।”
এর আগে ভোটের সময় পুলিশ পর্যবেক্ষকের সতর্কবার্তার পরেও ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ মন্তব্য করেছিলেন জাহাঙ্গির (Falta)। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি যদি ভয় পেতাম, তাহলে ভোট করাতাম কী করে? মানুষ আমাকে ভোট দিয়েছিলেন। সেই ভোটের ইভিএম খুলে গণনা করা হোক।”
তিনি আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে পুরনো একটি মামলাকে সামনে এনে রাজনৈতিকভাবে চাপ তৈরি করা হচ্ছে। তবে মানুষ এখনও তাঁর পাশে আছেন বলেই বিশ্বাস জাহাঙ্গিরের।
ফলতার মানুষ এতদিন আতঙ্কে ছিলেন বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “স্থানীয়ভাবে কেউ ভুল করতে পারে, কিন্তু ফলতার একজন মানুষও বলতে পারবেন না যে আমি খারাপ ব্যবহার করেছি। মানুষের পাশে থেকেছি, উন্নয়ন করেছি।”
যদিও বর্তমান পরিস্থিতিতে ফলতায় বিজেপির দাপট অনেকটাই বেড়েছে। তৃণমূলের বহু কর্মী ঘরছাড়া বলেও দাবি উঠেছে। ভোটের দিন এবং গণনার সময় কর্মীদের পাশে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথাও শোনা গিয়েছে জাহাঙ্গিরের গলায়।
তিনি বলেন, “আদালত ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দিয়েছে। আমরাও চাই সবাই ফিরুক। গণতন্ত্রে মানুষই শেষ কথা। ঝড় আসে, আবার চলে যায়। মানুষ যা রায় দেবেন, আমি তা মেনে নেব।”
এদিকে বিজেপি নেতা বিধান পাড়ুই জাহাঙ্গির খানের সম্পত্তির উৎস খতিয়ে দেখতে ইডিকে চিঠি দিয়েছেন। সেই প্রসঙ্গে জাহাঙ্গির বলেন, “এসব আমাকে ভয় দেখানোর চেষ্টা। আদালত আগেই বিষয়টির নিষ্পত্তি করেছে। সেই নথিও পুলিশকে দেওয়া হয়েছে।”













