নির্বাচন কমিশন জানিয়েছিল ভোটে কোনও ধরনের অশান্তি হবে না এবং তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই আশ্বাসের মধ্যেই বাংলায় শুরু হয়ে গেল রাজনৈতিক হিংসার অভিযোগ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur) এক সিপিএম কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত যুবকের নাম নুর আজম, বয়স ২২ বছর। পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় (Islampur) । কিছুক্ষণ পর সন্ধ্যায় তিনি অচেতন অবস্থায় নিজেই বাড়ি ফিরে আসেন। এরপর আচমকাই তিনি ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করেন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন।
পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে পরিবারের সঙ্গে হাসপাতালে পৌঁছান সিপিএম প্রার্থী সামি খানও।
মৃতের পরিবারের অভিযোগ, নুর আজম দীর্ঘদিন ধরেই সিপিএম করার কারণে হুমকির মুখে ছিলেন। স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের দাবি, পরিকল্পনা করেই তাঁকে হত্যা করা হয়েছে (Islampur) ।
সিপিএম প্রার্থী সামি খান বলেন, প্রচারের সময় তিনি খবর পান যে নুর আজম আতঙ্কিত অবস্থায় বারবার বলছিলেন, তাকে মেরে ফেলা হবে। এরপর তিনি বাড়িতে ভাঙচুর শুরু করেন এবং পরে হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।













