রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। তবে সাফল্যের মাঝেই ক্লাবটিকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ডায়মন্ড হারবার এফসিকে (Diamond Harbour FC) নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। ক্লাবটি সমস্ত নিয়ম মেনে গঠিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি ক্লাবের অর্থ কোথা থেকে আসছে এবং সেই অর্থ কীভাবে খরচ করা হচ্ছে, তা নিয়েও অভিযোগ রয়েছে। সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নিশীথ প্রামাণিক আরও জানান, প্রয়োজন হলে ক্লাবের স্পনসরদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে (Diamond Harbour FC)। ক্লাবে যে অর্থ বিনিয়োগ করা হয়েছে, তার উৎস এবং লেনদেনের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তাঁর দাবি, যে মাঠে ডায়মন্ড হারবার এফসি দীর্ঘদিন অনুশীলন করত, সেখানে বেআইনি দখলের অভিযোগ ছিল। ইতিমধ্যেই সেই জায়গা দখলমুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে।
ক্রীড়ামন্ত্রী জানান, ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও আলোচনা চলছে। খুব শীঘ্রই তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন (Diamond Harbour FC)।
তিনি আরও দাবি করেন, ক্লাবে এমন কয়েকজন ফুটবলারকে নেওয়া হয়েছিল, যাঁরা সরকারি চাকরিতে কর্মরত। এই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। তাঁর বক্তব্য, রাজ্যের সব ক্লাবই ভালো খেলুক এবং উন্নতি করুক, সেটাই সরকারের লক্ষ্য। তবে কোনও ক্লাব যদি নিয়মভঙ্গ বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকে, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
এদিকে, ডায়মন্ড হারবার এফসি বা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগগুলি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইসঙ্গে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি সম্পর্কেও তদন্ত চলছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ফলে আগামী দিনে এই তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে ফুটবল মহলের।












