খড়্গপুর আইআইটিতে (Kharagpur IIT) আবারও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এল। মাত্র তিন মাসের ব্যবধানে এবার এক তরুণ অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার আইআইটির কর্মী আবাসনের একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে খড়্গপুর আইআইটির বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপক রেড্ডি। তাঁর বয়স পঁচিশ বছর। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (Kharagpur IIT) অধ্যাপক ছিলেন। তাঁর বাড়ি হায়দরাবাদে। আইআইটি ক্যাম্পাসের কর্মী আবাসনের একটি ঘরে তিনি একাই থাকতেন। সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় আবারও আলোচনায় এসেছে খড়্গপুর আইআইটি (Kharagpur IIT) । কারণ, চলতি বছরের এপ্রিল মাসেই একই প্রতিষ্ঠানে পরপর দুই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। প্রথমে এক তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু হয়। কয়েক দিনের মধ্যেই আরও এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এবার সেই তালিকায় যোগ হল এক তরুণ অধ্যাপকের মৃত্যু।
পরপর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইআইটি ক্যাম্পাসের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ছবি সামনে আসবে।










