রথযাত্রা উপলক্ষে কলকাতার ইসকন মন্দিরে উপস্থিত হয়ে পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। নির্দিষ্ট সময়ে মন্দিরে পৌঁছে তিনি ভগবান জগন্নাথের আরাধনা করেন। এরপর প্রতীকীভাবে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন এবং রথের দড়িও টানেন। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশে তিনি বলেন, রথযাত্রার মতো পবিত্র অনুষ্ঠানে থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
পুজো শেষে মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) বলেন, ভগবদ্গীতার আদর্শ জীবনের পথপ্রদর্শক। সমাজ থেকে অশুভ দূর করে শুভ শক্তির প্রতিষ্ঠাই এই উৎসবের মূল বার্তা। তিনি সকলের মঙ্গল ও শান্তি কামনা করেন।
এদিন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) আরও জানান, রাজ্য সরকার ইসকনের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। আগামী পয়লা আগস্ট থেকে কলকাতা মহানগরের সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের পুষ্টিকর মধ্যাহ্নভোজ পরিবেশনের দায়িত্ব পালন করবে ইসকন। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আরও উন্নত মানের খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার।
তিনি (CM Suvendu Adhikari) আরও জানান, শুধু ইসকনই নয়, আগামী দিনে ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্পে একসঙ্গে কাজ করবে রাজ্য সরকার। এই উদ্যোগ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।













