রথযাত্রা (Rath Yatra)উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহাপ্রভু জগন্নাথের কাছে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশ, সমাজ এবং মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণের প্রার্থনা করেছেন।
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, রথযাত্রা (Rath Yatra) ভারতের প্রাচীন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই উৎসব মানুষের মধ্যে বিনম্রতা, ঐক্য এবং নিঃস্বার্থ সেবার আদর্শকে আরও শক্তিশালী করে। তিনি প্রার্থনা করেছেন, মহাপ্রভু জগন্নাথ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি এনে দিন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সামাজিক মাধ্যমে রথযাত্রার (Rath Yatra) শুভেচ্ছা জানিয়ে শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার চরণে প্রণাম জানান। তিনি লেখেন, মহাপ্রভুর আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। দেশের উন্নতি, সমাজের কল্যাণ এবং মানবজাতির মঙ্গল কামনা করেন তিনি। পাশাপাশি সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানান।
এদিকে রথযাত্রার দিন সকালে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মায়াপুরে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে তিনি আরতি করেন, গোসেবায় অংশ নেন এবং নিজের হাতে গোমাতাকে খাবার খাওয়ান। গোমাতার পা ধুয়ে প্রণাম জানান। পরে যজ্ঞেও অংশ নেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ইসকনের মতো একটি প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক মন্তব্যও করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের জন্য বিজেপির দরজা পুরোপুরি বন্ধ। তাঁর দাবি, এখন আর তৃণমূল থেকে কেউ বিজেপিতে জায়গা পাবেন না। তবে মদন মিত্রের শিবির পরিবর্তনের প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, এটি সম্পূর্ণ তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় (Rath Yatra)।













