Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি হচ্ছেন শমীক? জল্পনার মাঝেই নিজেই জানালেন আসল সত্য
রাজ্য

কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি হচ্ছেন শমীক? জল্পনার মাঝেই নিজেই জানালেন আসল সত্য

shamik bhattacherjeew
Email :4

কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), মঙ্গলবার সকাল থেকেই এমন খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয় রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্ত জল্পনায় ইতি টেনে নিজের অবস্থান স্পষ্ট করেন শমীক ভট্টাচার্য।

এক্স মাধ্যমে তিনি (Samik Bhattacharya) জানান, তিনি শুধু কলেজ স্কোয়ারের পুজো নয়, রাজ্যের কোনও দুর্গাপুজো কমিটির সভাপতির দায়িত্ব নেবেন না। কোনও পুজো পরিচালনার দায়িত্বও গ্রহণ করবেন না। তাঁর বক্তব্য, দুর্গাপুজো বাঙালির আবেগ ও ঐতিহ্যের উৎসব। এই উৎসবকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাই প্রয়োজন।

জানা গিয়েছে, দীর্ঘদিন কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি ছিলেন সৌগত রায়। বয়সজনিত কারণে তিনি এ বছর দায়িত্ব ছেড়ে দেন। এরপর পুজো কমিটির বৈঠকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রবীণ সদস্য প্রভাত সেন। পরে কমিটির পক্ষ থেকে শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। তবে খুঁটিপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

জল্পনা বাড়তেই পুজো কমিটির কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন শমীক ভট্টাচার্য। পরে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, দুর্গাপুজো কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি সকল মানুষের উৎসব। তাই রাজনৈতিক নেতা হিসেবে কোনও পুজো কমিটির দায়িত্ব গ্রহণ করবেন না বলেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, কোনও বিধায়ক বা জনপ্রতিনিধি ব্যক্তিগতভাবে কোনও পুজোর সঙ্গে যুক্ত থাকতেই পারেন। কিন্তু তাই বলে রাজনৈতিক ব্যক্তিত্বদের একের পর এক পুজো কমিটির নিয়ন্ত্রণ নেওয়া উচিত নয়। তাঁর মতে, উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির নিয়ন্ত্রণে নয়।

শমীকের এই ঘোষণার পর কলেজ স্কোয়ারের পুজোকে ঘিরে চলা জল্পনার অবসান হয়েছে। একই সঙ্গে পুজো ও রাজনীতির সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts