বারুইপুরের নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশান্তির পিছনে মৌলবাদী এবং দেশবিরোধী শক্তির হাত রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করার পর তিনি জানান, পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় দুইশো জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার বারুইপুরে এসে মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রথমে পুলিশ সুপারের দফতরে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরে গণপিটুনিতে নিহত এক যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনাতেও আলাদা করে তদন্ত হবে এবং দোষীদের কাউকেই ছাড়া হবে না।
মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) অভিযোগ, অশান্তির পিছনে রাজনৈতিকভাবে উসকানি দেওয়া হয়েছে। তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং কলের সূত্র মিলেছে বলে তিনি জানান। কারা এই ঘটনার পিছনে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রেললাইন ভাঙচুর, অশান্তি ছড়ানো এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বারুইপুর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পুলিশি গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে তিনি পুলিশ মহাপরিচালককে বাহাত্তর ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্তে কোনও গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পাশাপাশি নির্যাতিতার পরিবারের নিরাপত্তা জোরদার করতে তাঁদের বাড়ির সামনে একটি পুলিশ আউটপোস্ট তৈরির নির্দেশও দেওয়া হয়েছে (CM Suvendu Adhikari)।
মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি এক সপ্তাহের মধ্যেই ফের বারুইপুরে আসবেন। সরকারের পক্ষ থেকে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দ্রুত কার্যকর হবে বলেও আশ্বাস দেন তিনি।











