বীরভূমের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলির একটি, অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঠিক কোন শিবিরে রয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা নতুন শিবির— এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল সভাপতি।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত (Anubrata Mondal) বলেন, তিনি নতুন-পুরনো বা পক্ষ-বিপক্ষ বোঝেন না। তাঁর দাবি, তিনি এখনও তৃণমূলেই আছেন। তবে তিনি কোন নেতৃত্বের পাশে রয়েছেন, সেই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। বরং তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত এবং দল গঠনের সময় থেকেই সংগঠনের অংশ।
এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে বীরভূমের একাধিক বর্তমান ও প্রাক্তন বিধায়ক জায়গা পেয়েছেন। জেলার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ ইতিমধ্যেই নতুন শিবিরের কর্মসূচিতে অংশ নিয়েছেন। ফলে বীরভূমে রাজনৈতিক সমীকরণ (Anubrata Mondal) দ্রুত বদলাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মমতা বন্দ্যোপাধ্যায় জেলা কমিটি ভেঙে দেওয়ার পর বীরভূমে সাংগঠনিক কাঠামো নতুন করে গড়ার আলোচনা শুরু হয়েছে। নতুন শিবিরের নেতাদের দাবি, সংগঠনের ভবিষ্যৎ এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলি আলোচনা ও মতামতের ভিত্তিতে নেওয়া হবে।
অন্যদিকে নতুন শিবিরে যোগ দেওয়া কয়েকজন নেতার অভিযোগ (Anubrata Mondal), নির্বাচনের পর দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে তাঁদের যোগাযোগ কমে যায়। বিভিন্ন সমস্যায় পাশে না পাওয়ার ক্ষোভও রয়েছে তাঁদের মধ্যে। সেই কারণেই নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত বলে দাবি তাঁদের।
সব মিলিয়ে বীরভূমে তৃণমূলের অন্দরের সমীকরণ এখন রাজ্যের রাজনৈতিক মহলের অন্যতম আলোচ্য বিষয়। আর সেই আবহে অনুব্রত মণ্ডলের অবস্থান নিয়ে ধোঁয়াশা আরও বাড়াল তাঁর সাম্প্রতিক মন্তব্য।












