রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক গ্রেফতারির ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে শনিবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) স্পষ্ট বার্তা দিলেন, দুষ্কৃতীদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “পালাবদলের পর আবহাওয়া বদল হচ্ছে তো? আরও আবহাওয়া বদল হবে। দেখতে থাকুন।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) বলেন, তৃণমূল সরকারের আমলে যেসব দুষ্কৃতী প্রভাব বিস্তার করেছিল, তাদের অনেকেই ইতিমধ্যে পালিয়েছে। যারা এখনও রয়েছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “যে কয়েকজন বাকি রয়েছে, তাদের আমার উপর ছেড়ে দিন।”
অনুপ্রবেশ প্রসঙ্গেও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, এই রাজ্যে শুধুমাত্র ভারতের বৈধ নাগরিকরাই স্থায়ীভাবে বসবাস করবেন। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।
একইসঙ্গে রাজ্যে শিল্প ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বেড়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার উন্নয়নমুখী নীতি নিয়েই এগোচ্ছে। তিনি (CM Suvendu Adhikari) বলেন, “এই সরকার মানুষের সরকার। মানুষ যা চাইবে, সরকার সেই কাজই করবে।”
ব্যবসায়ী ও শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, অতীতে যে ধরনের অনিয়ম ও বাধার অভিযোগ ছিল, এখন আর সেই পরিস্থিতি থাকবে না। তাঁর কথায়, “এখন রাজ্যে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। শিল্প, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নে সরকার সর্বশক্তি দিয়ে কাজ করবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারে দায়িত্ব নেওয়ার পর এখনও খুব অল্প সময় হয়েছে। তাই সব সমস্যার সমাধান করতে কিছুটা সময় প্রয়োজন। তবে উন্নয়নমূলক কাজ থেমে থাকবে না। তিনি রাজ্যজুড়ে গোশালা নির্মাণের ক্ষেত্রেও শিল্পপতি ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অযোধ্যার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্যতম প্রধান গোবিন্দদেব গিরিজি মহারাজ। তিনি বলেন, কোনও রাজ্যের উন্নয়নের মূল ভিত্তি হল শিক্ষা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তোলার প্রয়োজন রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে “আরও আবহাওয়া বদল হবে” মন্তব্যকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে। আগামী দিনে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে আরও কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর সকলের।











