সোনারপুরে নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাঁকে লক্ষ্য করে ইট, ডিম এবং জুতো ছোড়ার অভিযোগ ওঠে। ভিড়ের চাপে তাঁর চশমাও ভেঙে যায় বলে দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ঘটনার পর অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘‘এখানে একজন পুলিশকর্মীকেও দেখা যায়নি। আমার চশমা ভেঙে দেওয়া হয়েছে। ভাগ্য ভালো, কর্মীরা আমাকে হেলমেট পরিয়ে দিয়েছিল। পুলিশ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমি এলাকা ছাড়ব না। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।’’
জানা গিয়েছে, ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতেই সোনারপুরে গিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। প্রথমে কামালগাজি মোড়ে তাঁর গাড়ি থামতেই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেই সময় ‘চোর চোর’ স্লোগানও শোনা যায়।
এরপর একটি মোটরসাইকেলে চেপে তিনি দলীয় কর্মীর বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু কিছু দূর এগোতেই একদল বিক্ষোভকারী তাঁকে ঘিরে ধরে। ভিড় এতটাই বেড়ে যায় যে মোটরসাইকেল আর সামনে এগোতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তারক্ষী এবং পুলিশকর্মীরা তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন (Abhishek Banerjee)।
বিক্ষোভকারীদের ছোড়া ডিম ও জুতো থেকে রক্ষা করতে অভিষেকের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
অভিষেকের অভিযোগের পর বিকেল নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর সদস্যরা হুইসল বাজিয়ে জমায়েত সরানোর চেষ্টা করেন এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরে পুলিশি ঘেরাটোপে অভিষেককে সেখান থেকে বের করে আনা হয় বলে জানা গিয়েছে। বাড়ির সামনে জমায়েত সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। ভোটের ফল প্রকাশের পর প্রথম প্রকাশ্য কর্মসূচিতেই এমন ঘটনার জেরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।












