Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সোনারপুরে অভিষেককে ঘিরে উত্তেজনা, মমতার পোস্টে শুরু নতুন রাজনৈতিক তরজা
রাজ্য

সোনারপুরে অভিষেককে ঘিরে উত্তেজনা, মমতার পোস্টে শুরু নতুন রাজনৈতিক তরজা

abhishek banerjee attack mamata edit
Email :4

সোনারপুরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আক্রান্ত হওয়ার ঘটনায় এবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পোস্ট ভাগ করে তিনি লেখেন, ‘‘শাসক ঘাতক হয়ে উঠেছে’’। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তিনি বলেন, বিজেপি কখনও এই ধরনের ঘটনার সমর্থন করে না। একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপি সংযম দেখিয়েছে বলেই তৃণমূলের নেতা-কর্মীরা নিরাপদ রয়েছেন। অতীতে বিরোধীদের উপর হওয়া বিভিন্ন অত্যাচারের কথাও উল্লেখ করেন তিনি।

শমীকের দাবি, যদি বর্তমান পরিস্থিতি অন্য রকম হত, তাহলে বিরোধী রাজনৈতিক নেতাদের পক্ষে রাজ্যে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি করা সম্ভব হত না। পুলিশ ঘটনাস্থলে কেন উপস্থিত ছিল না, সেই প্রশ্নও তিনি তোলেন এবং বলেন, তার জবাব রাজ্য সরকারকেই দিতে হবে।

এরই মধ্যে সোনারপুরে আক্রান্ত হওয়ার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি অভিযোগ করেন, কর্মসূচির সময় এলাকায় কোনও পুলিশ ছিল না। বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কিতে তাঁর চশমা ভেঙে যায়। তিনি (Abhishek Banerjee) বলেন, ‘‘ভাগ্য ভালো, কর্মীরা আমাকে হেলমেট পরিয়ে দিয়েছিল। পুলিশ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমি এলাকা ছাড়ব না। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।’’

জানা গিয়েছে, ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে গিয়েছিলেন অভিষেক। প্রথমে কামালগাজি মোড়ে তাঁর গাড়ি থামলে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং স্লোগান তোলা হয়।

পরে একটি মোটরসাইকেলে চেপে দলীয় কর্মীর বাড়ির দিকে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ইট, ডিম ও জুতো ছোড়া হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা কোনওমতে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের ছোড়া বস্তু থেকে রক্ষা করতে তাঁর মাথায় হেলমেটও পরিয়ে দেওয়া হয়।

ভোটের ফল প্রকাশের পর এ দিনই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি। সেই কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা এখন রাজ্যের রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts