ভরদুপুরে গড়িয়ায় (Garia) এক বিজেপি সমর্থকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গড়িয়ার (Garia) শ্রীরামপুর রোডের ভ্যালি পার্ক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পাড়ার দুই যুবক একটি মুদিখানার দোকানে বসে কথা বলছিলেন। তাঁদের মধ্যে হঠাৎ বচসা শুরু হয়। আহত যুবকের নাম পিন্টু। তিনি বিজেপি সমর্থক বলেই পরিচিত। অন্য যুবক, যাকে স্থানীয়রা ‘বুড়ো’ নামে চেনেন, তিনি তৃণমূল সমর্থক বলে দাবি এলাকাবাসীর।
অভিযোগ, বচসা চলাকালীন একসময় বুড়ো সেখান থেকে বেরিয়ে যায় (Garia)। কিছুক্ষণ পরে আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ফের ঘটনাস্থলে ফিরে আসে। এরপর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা পিন্টুর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, প্রথমে পিন্টুর বুকে ও পিঠে কোপ মারা হয় (Garia)। প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলে আবার তাঁকে ধরে গলায় আঘাত করার চেষ্টা করা হয়। সেই সময় হাত দিয়ে আটকাতে গেলে তাঁর হাতের একটি আঙুলের অংশ কেটে যায়।
রক্তাক্ত অবস্থায় কোনওরকমে সাইকেল নিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েন আহত যুবক। বাড়ির মহিলারা তাঁকে দেখে দ্রুত সাহায্য করেন। ওড়না দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করা হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দা জানান, দু’জনেই এলাকার ছেলে। কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি থেকে আচমকাই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে।
এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।












