একসময় ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখ ছিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। তাঁর ডিজাইন করা পোশাকে সাদা রঙের ব্যবহার ছিল বিশেষ পরিচিত। র্যাম্প, আলো এবং গ্ল্যামারের সেই জগত ছেড়ে কয়েক বছরের মধ্যেই তিনি হয়ে উঠেছেন বাংলার রাজনীতির অন্যতম পরিচিত মুখ। শনিবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় শপথ নিয়ে রাজ্যের নতুন মন্ত্রী হলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)।
ব্রিগেড প্যারেড ময়দানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর যে পাঁচ জন মন্ত্রী শপথ নেন, তাঁদের মধ্যে ছিলেন অগ্নিমিত্রাও। যদিও এখনও পর্যন্ত কোন দফতরের দায়িত্ব তিনি পাবেন, তা স্পষ্ট হয়নি।
২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। রাজনীতিতে আসার পর নিজেকে শুধুমাত্র গ্ল্যামারের জগতের মধ্যে আটকে রাখেননি। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় তাঁকে। সাধারণ পোশাকে, একেবারে সাধারণ মানুষের মতো করেই তিনি রাজ্যের নানা এলাকায় ঘুরে বেড়িয়েছেন।
২০২১ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন অগ্নিমিত্রা পাল। তারপর ২০২৬ সালেও নিজের কেন্দ্র ধরে রাখতে সফল হন তিনি। রাজনৈতিক আন্দোলন, প্রতিবাদ এবং মহিলা নির্যাতনের ঘটনার প্রতিবাদে বারবার রাস্তায় নেমেছেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে নির্যাতিতাদের পরিবারের পাশে দাঁড়ানোর ছবিও বহুবার সামনে এসেছে।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফরাসি ভাষায় ডিপ্লোমা করার পাশাপাশি ফ্যাশন ডিজাইনিংয়েও উচ্চশিক্ষা নিয়েছেন অগ্নিমিত্রা। কিন্তু গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখ হয়েও তিনি রাজনীতির মাঠে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক কাজ এবং আন্দোলনে সক্রিয় থাকার ফলেই এবার তাঁকে মন্ত্রিসভায় জায়গা দিল বিজেপি।










