দুই দফার ভোটগ্রহণ শেষ হতেই বাংলায় রেকর্ড ভোটদানের ছবি সামনে এসেছে। প্রথম দফায় ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছিল। দ্বিতীয় দফাতেও ভোটের হার ৯১ শতাংশ ছাড়িয়ে যায়। নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, রাত প্রায় পৌনে আটটা পর্যন্ত ৯১ শতাংশের বেশি ভোট পড়েছে। দুই দফা মিলিয়ে মোট ভোটের হার দাঁড়িয়েছে ৯২.৪৭ শতাংশে। এই বিপুল ভোটদানে সন্তুষ্ট নির্বাচন কমিশন (Election Commission)।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল জানিয়েছেন (Election Commission), পশ্চিমবঙ্গ প্রমাণ করে দিয়েছে যে কম দফাতেও শান্তিপূর্ণ ভোট সম্ভব। তিনি নিজে ভবানীপুরে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, দুই দফাতেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তাঁর মতে, সাত বা আট দফার চেয়ে দুই দফাতেই ভালোভাবে ভোট সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এক দফাতেও নির্বাচন সম্ভব এবং ভবিষ্যতে সেই দিকেও ভাবা যেতে পারে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছিলেন। সেই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মনোজ কুমার আগারওয়াল (Election Commission) বলেন, কোনও অভিযোগ এলে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হয়। অভিযোগকারীর পরিচয় বা অবস্থান দেখে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, আর ভিত্তিহীন হলে তা নথিভুক্তই থেকে যায়।
অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এই প্রথম দুই দফাতেই এত বেশি ভোট পড়েছে। তিনি বলেন, এই ভোট বাংলার মানুষের কাছে উৎসবের মতো, যা রাজ্যের গর্বের বিষয়।
এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে। এই রেকর্ড ভোট কি কোনও বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তা জানতে অপেক্ষা আর খুব বেশি নয়।












