দ্বিতীয় দফার ভোটের আগে শেষ প্রচার শেষে ব্যারাকপুর থেকে বাংলার মানুষকে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী (PM Modi) নরেন্দ্র মোদি। সোমবারের সভা শেষ করে তিনি একটি খোলা চিঠি এবং অডিও বার্তা প্রকাশ করেন ।
চিঠিতে তিনি লিখেছেন, নির্বাচনী প্রচারের সময় বাংলার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আশীর্বাদ তাঁকে নতুন শক্তি দিয়েছে। যুবসমাজ, মহিলা, কৃষক, শ্রমিক—সবাই উন্নত বাংলার জন্য এগিয়ে আসছেন বলে তিনি উল্লেখ করেন (PM Modi)।
তিনি (PM Modi) আরও জানান, অযোধ্যায় রাম মন্দিরে পূজার আগে যেমন আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল, তেমনই অনুভূতি এই প্রচারের সময়ও তিনি পেয়েছেন। সভা ও রোডশো চলাকালীন যে ভালোবাসা পেয়েছেন, তা তাঁর জীবনের বড় সম্পদ বলেও জানান তিনি।
মোদি বলেন, বাংলার মানুষ এখন পরিবর্তন চান। যুবকদের জন্য কাজের সুযোগ, মহিলাদের নিরাপত্তা এবং সবার জন্য উন্নয়নের পরিবেশ তৈরি করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, ভয় নয়, এখন মানুষের দরকার বিশ্বাস এবং সেই বিশ্বাস দিতে পারবে বিজেপি।
সব শেষে তিনি আশ্বাস দেন, বাংলার উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। তিনি বলেন, ভবিষ্যতে বাংলায় বিজেপি সরকার গঠিত হবে এবং সেই দিন সবাই একসঙ্গে উদযাপন করবেন।
এই বার্তাকে ঘিরে ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও সরগরম হয়ে উঠেছে।













