ভোট পরবর্তী হিংসার আবহে এখনও উত্তপ্ত হলদিয়া। ভোটের দিন বিকেল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠেছিল। শনিবার রাতেও নতুন করে সংঘর্ষের খবর সামনে এসেছে। হলদিয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ঝিকুরখালি এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (Haldia)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঝিকুরখালি এলাকায় একটি পুজোর অনুষ্ঠান চলছিল (Haldia)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী কুণাল বলিদা-সহ কয়েকজন। অভিযোগ, আচমকাই ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের উপর হামলা চালায়। কুণাল বলিদা-সহ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ।
আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে (Haldia)।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ভোটের ফল ঘোষণার আগেই বিরোধীদের ভয় দেখাতে এই ধরনের হামলা করা হচ্ছে। তিনি জানান, থানায় অভিযোগ দায়ের করা হবে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। বরং এলাকায় অশান্তি তৈরি করতেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
পরপর এই ধরনের ঘটনার ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।













