রবিবার ভোরে আচমকাই আগুনে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরে। স্থানীয়রা দেখেন, জঙ্গল লাগোয়া এলাকায় মজুত করে রাখা প্লাস্টিকের স্তূপে আগুন জ্বলছে (Fire Breaks Out)। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্লাস্টিক পোড়া গন্ধে কার্যত দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় এলাকায়।
ঘটনাটি ঘটে দুর্গাপুর-এর(Fire Breaks Out) ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জঙ্গলের পাশে বড় বড় বস্তায় পুরনো প্লাস্টিক জমিয়ে রাখা হত। রবিবার সকালে সেই প্লাস্টিকের বস্তাতেই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বেশিরভাগ প্লাস্টিক পুড়ে ছাই হয়ে যায় (Fire Breaks Out)।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, একটি অস্থায়ী ঘরে রাখা প্লাস্টিক থেকেই আগুন ছড়ায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের সন্দেহ, কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে থাকতে পারে।
ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।













