পুলিশ পর্যবেক্ষক পি এস পুরুষোত্তম দাসকে সরানোর দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার, ফলতা এবং মগরাহাট পূর্ব ও পশ্চিম কেন্দ্রের দায়িত্বে থাকা এই পর্যবেক্ষকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আদালতে মামলা করা হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হয়।
এর আগে গত একুশে এপ্রিল এই বিষয়ে লিখিত অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিল তৃণমূল। কিন্তু কোনও জবাব না পাওয়ায় তারা হাইকোর্টে (Calcutta High Court) যায়। মামলার শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনকে চব্বিশ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে হবে।
শুনানিতে তৃণমূলের আইনজীবী মৈনাক বসু দাবি করেন, ওই পুলিশ পর্যবেক্ষক মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে একটি হোটেলে বৈঠক করেছিলেন। তৃণমূলের অভিযোগ, এই বিষয়টি কমিশনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি (Calcutta High Court) ।
পাল্টা যুক্তিতে নির্বাচন কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, পর্যবেক্ষকরা কমিশনের চোখ ও কান হিসেবে কাজ করেন। নির্বাচনের পরিস্থিতি বোঝার জন্য তাঁদের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলতে হয়। তিনি আরও জানান, ওই বৈঠক কোনও গোপন জায়গায় হয়নি, নির্দিষ্ট স্থানেই হয়েছিল এবং সেখানে নজরদারি ক্যামেরাও ছিল (Calcutta High Court) ।
কমিশনের তরফে আরও বলা হয়, কেউ যদি আগে থেকেই সন্দেহ নিয়ে দেখেন, তাহলে সব কিছুতেই ভুল খুঁজে পাবেন। এছাড়া ওই বৈঠকে কমিশনের অন্য কর্মীরাও উপস্থিত ছিলেন বলে আদালতে জানানো হয়।
দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, তৃণমূলের করা অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনকে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বিস্তারিত লিখিত উত্তর আদালতে জমা দিতে হবে।












