ভবানীপুরের একটি আশ্রমে ঢুকে সাধুদের হুমকি ও মারধরের অভিযোগকে ঘিরে রবিবার শহরে উত্তেজনা ছড়ায় (Saints Protest)। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন সাধু-সন্ন্যাসীরা। বালিগঞ্জ থেকে ভবানীপুর থানা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন তাঁরা। মিছিলের আগে দীর্ঘক্ষণ গড়িয়াহাট এলাকায় অবরোধ তৈরি হয়। পরে ভারত সেবাশ্রম থেকে মিছিল শুরু হয়ে ভবানীপুরের দিকে এগোয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত এবং কার্তিক মহারাজ। এর আগে এই ঘটনার প্রতিবাদে রাজ্যপালের কাছেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল (Saints Protest)।
অভিযোগ, সম্প্রতি যদুবাবুর বাজার এলাকার একটি আশ্রমে ঢুকে সাধুদের মারধর করা হয় (Saints Protest) এবং হুমকি দেওয়া হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর অসীম বোস এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, কয়েকজন দলীয় পতাকা হাতে আশ্রমে ঢুকে এই হামলা চালায়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অসীম বোস। তিনি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, আশ্রমে বাইরে থেকে আসা কিছু লোক সাধুর বেশে রয়েছে এবং তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে। তাঁদের কাছে বৈধ নথি নেই বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, আশ্রমে গিয়ে তিনি সবাইকে সতর্ক করেছেন।
অন্যদিকে, সাধু-সন্ন্যাসীদের দাবি, তাঁদের উপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে এবং অপমান করা হয়েছে। সেই কারণেই তাঁরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। মিছিল থেকে কার্তিক মহারাজ বলেন, এই দেশ সাধু-সন্ন্যাসীদের দেশ, অথচ তাঁদের চোর-ডাকাত বলা হচ্ছে, যা অত্যন্ত অপমানজনক। তিনি আরও বলেন, এই ঘটনার প্রতিবাদ শুধু বাংলায় নয়, গোটা দেশজুড়েই ছড়িয়ে পড়বে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।













