ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নতুন করে পরিবারতন্ত্রের আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দলে নেতাদের সন্তানদের প্রার্থী করা হচ্ছে। এবার সেই তালিকায় কি যুক্ত হতে চলেছে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি শুভঙ্কর সরকারের ছেলের নাম? এই নিয়েই জল্পনা তুঙ্গে।
হুগলির শ্রীরামপুর আসনে কংগ্রেস এখনও প্রার্থীর (Congress) নাম ঘোষণা করেনি। জানা গিয়েছে, ওই আসনে শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলন সরকারকে প্রার্থী করা হতে পারে। এই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতিই।
এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস (Congress) একাই লড়ছে এবং তারা ইতিমধ্যেই অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখনও কয়েকটি আসন বাকি রয়েছে, যার মধ্যে শ্রীরামপুর অন্যতম। এই আসনে আগে শুভঙ্কর সরকার নিজেই প্রার্থী হয়েছিলেন এবং উল্লেখযোগ্য ভোটও পেয়েছিলেন।
তবে এবারের তালিকায় তাঁর নাম নেই (Congress)। সেই সঙ্গে শ্রীরামপুরের প্রার্থীও ঘোষণা করা হয়নি। ফলে প্রশ্ন উঠছে, তিনি নিজে লড়বেন, না কি তাঁর জায়গায় নতুন মুখ আসবে।
এই বিষয়ে দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে শুভঙ্কর সরকার বলেন, শ্রীরামপুরের মানুষ চাইছেন তিনি প্রার্থী হন। কিন্তু তাঁর উপর গোটা রাজ্যের দায়িত্ব রয়েছে। এরপরই তিনি জানান, অনেকেই তাঁর ছেলেকে প্রার্থী করার কথা বলছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।
শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলন সরকার পেশায় আইনজীবী এবং রাজনীতির সঙ্গেও যুক্ত। ফলে তাঁকে প্রার্থী করা হলে তা খুব একটা অপ্রত্যাশিত হবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এদিকে, এ বার ভোটে অন্য দলেও একই ছবি দেখা যাচ্ছে। একাধিক বিধায়ক নিজেরা না লড়ে তাঁদের সন্তানদের প্রার্থী করেছেন। ফলে রাজনীতিতে নতুন প্রজন্মকে সামনে আনার এই প্রবণতা এবার আরও স্পষ্ট।
এখন দেখার, কংগ্রেস শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং শ্রীরামপুর আসনে কাকে প্রার্থী করা হয়।












