ভোটের আগে বরানগর (Baranagar) কেন্দ্র ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। পরপর দু’দিন ধরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে কার্যত তপ্ত হয়ে উঠেছে এলাকা। শনিবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সময় বিজেপি প্রার্থী সজল ঘোষ মাইক হাতে সায়ন্তিকার বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় র্যাফ নামাতে হয়।
রবিবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও চাপা উত্তেজনা ছিল (Baranagar)। কিন্তু প্রচারে বেরোতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে বরানগর। এদিন বিজেপি প্রার্থী সজল ঘোষ তাপস রায় ও সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন। তাঁদের রাস্তায় দেখতে পেয়ে তৃণমূল কর্মীরা ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেন। মুহূর্তে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে (Baranagar)।
এই ঘটনায় বিজেপির রাজ্য নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে (Baranagar)। সুকান্ত মজুমদার বলেন, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে এবং নিরপেক্ষভাবে পরিস্থিতি সামলাতে পারছে না। তাঁর অভিযোগ, তৃণমূল ভয় পেয়ে বারবার এমন পরিস্থিতি তৈরি করছে। যদিও এই অভিযোগের জবাবে তৃণমূলের তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি (Baranagar)।
উল্লেখ্য, আগের উপনির্বাচনেও এই কেন্দ্রে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সজল ঘোষ মুখোমুখি হয়েছিলেন। সেই নির্বাচনে সায়ন্তিকা জয়ী হলেও ব্যবধান খুব বেশি ছিল না। এবার আবার এই দুই প্রার্থীর লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। নির্বাচনের এখনও কিছুটা সময় বাকি থাকলেও বরানগরের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।









